
ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে জানানো হয় যে, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার কাজ বর্তমানে চলমান রয়েছে। আগামী বছরের সেপ্টেম্বর মাসে এই সমীক্ষার কাজ শেষ হওয়ার পর সেতু দুটির নির্দিষ্ট অবস্থান, কাঠামোগত নকশা এবং প্রকল্প ব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ওয়াই-আকৃতির সংযোগ ব্যবস্থার মাধ্যমে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে।
দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, যা দেশের বাণিজ্যে নতুন গতি আনবে।
বৈঠকে দ্বিতীয় যমুনা সেতুর ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার বিষয়টি বিশেষ আলোচনার স্থান পায়। এর পাশাপাশি শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের মাধ্যমে বিকল্প সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রকল্পগুলোর অর্থায়ন, জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও উর্ধ্বতন সচিবরা উপস্থিত ছিলেন। দেশের অবকাঠামোগত মেগা প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক চিত্র সম্পূর্ণ বদলে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।