
ঢাকা: এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে আগামী চার দিন দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ কিছুটা কমতে পারে তবে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকার তথ্যটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে পেট্রোবাংলা। মঙ্গলবার (৩ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটিতে বর্তমানে জরুরি রক্ষণাবেক্ষণকাজ চলছে। এর ফলে সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এই রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কিছুটা স্বল্পতা দেখা দিতে পারে এবং সাময়িকভাবে সরবরাহ কমে আসতে পারে।
পেট্রোবাংলা জানায়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ গুজব। একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশবাসীকে এ বিষয়ে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রতিদিন গড়ে ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চার দিন এই সরবরাহের পরিমাণ কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। নির্দিষ্ট কিছু এলাকায় এই হ্রাসের প্রভাব পড়তে পারে এবং গ্রাহকরা গ্যাসের স্বল্পচাপ অনুভব করতে পারেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত না হয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করার জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।