
স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় করতে শ্রীলঙ্কার সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ। বিশেষ করে ওষুধ বাণিজ্য সম্প্রসারণ, মেডিকেল শিক্ষায় শ্রীলঙ্কান শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত জটিলতা দূর করতে দুই দেশ যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
কলম্বোর ওই বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ডা. নালিন্দা জয়তিসা নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন সফলভাবে আয়োজন করায় শ্রীলঙ্কা সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে আঞ্চলিক স্বাস্থ্য খাতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক অংশীদারিত্ব বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। দুই দেশের মন্ত্রীরা একমত হয়েছেন যে, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে চিকিৎসা শিক্ষা ও ওষুধ শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি ওষুধের বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে আরও বেশি সংখ্যক শ্রীলঙ্কান শিক্ষার্থী ভর্তির আগ্রহ প্রকাশ করা হয়। দীর্ঘদিন ধরে চলে আসা মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত জটিলতাগুলো দ্রুত নিরসনে উভয় দেশের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে। আঞ্চলিক স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকের শেষ পর্যায়ে স্বাস্থ্য খাতের পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করতে শ্রীলঙ্কার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান স্বাস্থ্যমন্ত্রী। বিমসটেকসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে স্বাস্থ্য খাতের অভিন্ন চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবিলা করতে উভয় দেশ নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।