
সিনেমার পর্দায় প্রচণ্ড বিস্ফোরণের ধোঁয়া উড়িয়ে নায়কের অক্ষত অবস্থায় হেঁটে বেরিয়ে আসার দৃশ্য আমাদের রোমাঞ্চিত করে। তবে পদার্থবিজ্ঞানের কঠোর নিয়মে এই দৃশ্য সম্পূর্ণ অবাস্তব। বাস্তবের পৃথিবীতে কোনো মানুষের পক্ষেই এত কাছ থেকে বিস্ফোরণের শকওয়েভ সহ্য করে বেঁচে থাকা সম্ভব নয়।
বিস্ফোরণের সময় চোখের পলকে উচ্চ চাপের গ্যাসের একটি বিশালাকার বুদ্বুদ তৈরি হয়, যা শব্দের চেয়েও দ্রুতগতিতে শকওয়েভ হিসেবে ছড়িয়ে পড়ে। একে বলা হয় প্রাইমারি ব্লাস্ট ইনজুরি। এই বায়ুচাপ ফুসফুস, কানের পর্দা ও পাকস্থলীর মতো ফাঁপা অঙ্গগুলোকে মুহূর্তেই ক্ষতিগ্রস্ত করে। বায়োডায়নামিকস গবেষকদের মতে, এর ফলে মস্তিষ্কে সূক্ষ্ম ট্রমা বা ফুসফুসে রক্তক্ষরণ হতে পারে, যা তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও কয়েক দিনের মধ্যে প্রাণঘাতী হয়ে ওঠে।
বিস্ফোরণের পরবর্তী ধাপে তৈরি হয় সেকেন্ডারি ব্লাস্ট ইনজুরি। এ সময় প্রচণ্ড গতির বিপরীত বাতাস ও উত্তপ্ত বাতাসের ধাক্কায় কংক্রিট, কাচ বা ধাতব টুকরা বুলেটের মতো ছুটে আসে।
বিস্ফোরণস্থল থেকে অক্ষত বেঁচে ফেরা শতভাগ নির্ভর করে বোমার ধরন, আকার ও দূরত্বের ওপর। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ৯ কেজি টিএনটির বিস্ফোরণ থেকে নিরাপদ থাকতে অন্তত ৪১৫ মিটার দূরত্ব প্রয়োজন।
বিস্ফোরণের কেন্দ্রস্থলে প্রায় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়, যা যেকোনো জৈব বস্তুকে ভস্মীভূত করতে সক্ষম। এছাড়া টারশিয়ারি ইনজুরির মাধ্যমে মানুষ শূন্যে ছিটকে পড়ে মারাত্মক আঘাত পেতে পারে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির গাইডলাইন অনুযায়ী, ১ হাজার ৩৫০ কেজি টিএনটির বিস্ফোরণ ঘটলে নিরাপদ দূরত্ব হতে হয় অন্তত এক কিলোমিটার।
বাস্তবের পদার্থবিজ্ঞান সিনেমার চিত্রনাট্যের মতো নমনীয় নয়। তাই রুপালি পর্দার অতিমানবিক কেরামতি কেবল বিনোদনের খোরাক জোগালেও, বৈজ্ঞানিক সত্যের বিচারে তা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।