
রান্নাঘরের ফেলে দেওয়া ব্যবহৃত তেল থেকে টেকসই উড়োজাহাজ জ্বালানি উৎপাদনের অভিনব প্রকল্প নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে টিম ল্যাজারাস। ডেটা ডেভলপমেন্ট প্রাইজ (ডিডিপি) ২০২৬ হংকং কেস কম্পিটিশনে এই সাফল্য অর্জন করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আরিয়ান আইদিদসহ ছয় তরুণ। পরিবেশদূষণ ও জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় তাদের প্রস্তাবিত 'নেক্সা ফুয়েল - ফ্রম ওয়েস্ট টু উইংস' প্রকল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশে আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্য দিয়ে। অনলাইন কুইজের মাধ্যমে প্রাথমিক বাছাইয়ে ৩০ জন প্রতিযোগী নির্বাচিত হওয়ার পর লটারির মাধ্যমে ছয় সদস্যের 'টিম ল্যাজারাস' গঠিত হয়। দলে আরিয়ান আইদিদ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি ও বিজিএমইএ-এর বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা যুক্ত ছিলেন। জাতীয় পর্যায়ে পোশাকশিল্পের পানি ও বায়ুদূষণ হ্রাসের ইন্টারনেট অব থিংস ডিভাইস ভিত্তিক প্রকল্প নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর তারা আন্তর্জাতিক পর্বের জন্য নিজেদের প্রস্তুত করেন।
আন্তর্জাতিক মঞ্চের জন্য তাদের প্রকল্পটিকে আরও বিস্তৃত করে বাংলাদেশ ও সিঙ্গাপুরভিত্তিক একটি সার্কুলার সাপ্লাই চেইনের প্রস্তাব দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ থেকে ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করে সিঙ্গাপুরে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে টেকসই উড়োজাহাজের জ্বালানি উৎপাদন করা হবে এবং পরবর্তীতে সেই জ্বালানি বাংলাদেশে সরবরাহের ব্যবসায়িক মডেল তৈরি করা হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় প্রসঙ্গে দলটির অন্যতম সদস্য আরিয়ান আইদিদ বলেন, ভিন্ন পটভূমির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের একটি ধারণা তুলে ধরতে পারা এবং দেশের নাম উজ্জ্বল করতে পারাটাই আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন। এটি কেবল একটি পুরস্কার নয়, বরং দেশের সক্ষমতা প্রমাণের বড় সুযোগ ছিল। - আরিয়ান আইদিদ, বুটেক্স শিক্ষার্থী
নেক্সা ফুয়েল প্রকল্পের মূল ভিত্তি হলো ব্যবহৃত রান্নার তেলকে সম্পদে রূপান্তর করা। প্রচলিত জীবাশ্ম জ্বালানির তুলনায় এই জ্বালানি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম। বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁগুলো থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে ব্যবহৃত রান্নার তেল উৎপাদিত হয়, যা সঠিক ব্যবস্থাপনার অভাবে পরিবেশের ক্ষতি করে। এই বর্জ্যকে জ্বালানির কাঁচামাল হিসেবে ব্যবহার করলে একদিকে যেমন জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখা সম্ভব হবে।
বর্তমানে প্রতিযোগিতা পেরিয়ে এই প্রকল্পটিকে বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা করছেন উদ্যোক্তারা। হংকং সরকারের অর্থায়ন এবং শিল্পপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সহযোগিতা পেলে এই উদ্যোগটি বাণিজ্যিকভাবে সফল করা সম্ভব বলে মনে করছেন তারা। জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ানোর এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে নতুন কিছু উদ্ভাবনে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।