
পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় মোট ৩১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। এছাড়া এই সময়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় আহত হয়েছেন আরও ৪৯০ জন। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন। সংসদ সদস্য পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের নিরাপত্তা, সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।
পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান অপারেশন উত্তরণ চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র আক্রমণ চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো। একই সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহারের তথ্য রেকর্ড করা হয়েছে। পাহাড়ে অপরাধ দমনে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পাহাড়ে সন্ত্রাসীদের তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হচ্ছে। এছাড়া চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি এবং মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।