
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। আজ সোমবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য এই অনুরোধ জানানো হয়। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সবার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে দূতাবাস। এছাড়া সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পর বিশ্বের বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের নাগরিকদের ভ্রমণ নির্দেশিকা জারি করেছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দুটি বিমানবন্দরে আজ ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে:
সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কোনো ধরনের স্পর্শকাতর তথ্য, ছবি বা ভিডিও ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকুন। মুঠোফোনে এসব বিষয় সংরক্ষণ বা অন্যদের সঙ্গে শেয়ার করা থেকেও সতর্ক থাকতে হবে।
প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। এর মধ্যে শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৬ এবং মৃত্যুসংক্রান্ত হটলাইন নম্বর +৯৬৫৭০২১২১৮০ তে যোগাযোগ করতে বলা হয়েছে।
সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি যেকোনো গুজব থেকে দূরে থাকার এবং নিজ নিজ কর্মক্ষেত্রে সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীদের অপ্রয়োজনীয় চলাচল সীমিত রাখার অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।