
কৃত্রিম বুদ্ধিমত্তার চরম অগ্রগতির ফলে আগামী এক দশকেরও কম সময়ে ক্যানসার, আলঝেইমার, হৃদরোগ ও মানসিক অসুস্থতার মতো জটিল রোগগুলো অতীত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডারিও আমোদেই। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি জানান, মানবজাতি যদি সঠিক পথে এগোতে পারে, তবে চিকিৎসাবিজ্ঞানে অলৌকিক অগ্রগতির এক যুগ তৈরি হবে যা হাজার বছরের পুরোনো স্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।
প্রযুক্তির এই আশাবাদী পূর্বাভাস শুধু অ্যানথ্রোপিক প্রধানের মধ্যেই সীমাবদ্ধ নয়। গুগলের এআই প্রধান ডেমিস হাসাবিস ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও একই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাদের দাবি, এআইয়ের কল্যাণে বহু বছরের ওষুধ আবিষ্কারের প্রক্রিয়া মাত্র কয়েক সপ্তাহে নামিয়ে আনা সম্ভব। এর বড় উদাহরণ হিসেবে গুগলের ডিপমাইন্ডের তৈরি আলফাফোল্ড প্রযুক্তির কথা বলা হচ্ছে, যার মাধ্যমে ইতোমধ্যে ২০ কোটির বেশি প্রোটিনের গঠন সফলভাবে শনাক্ত করা হয়েছে।
তবে চিকিৎসাবিজ্ঞানের গবেষক ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা এই অতি আশাবাদী সময়সীমা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন এই পূর্বাভাসকে অসম্ভব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, হাজারো ওষুধের অণু কম্পিউটারে বিশ্লেষণ করা গেলেও ক্লিনিক্যাল ট্রায়াল, প্রাণী ও মানুষের ওপর জৈবিক পরীক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
কম্পিউটারের পর্দায় সম্ভাবনাময় কোনো ওষুধের অণু দ্রুত খুঁজে পাওয়া গেলেও তা চিকিৎসাক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত হতে দীর্ঘ সময় নেয়। ওষুধ উন্নয়নের ১০ থেকে ১২ বছরের দীর্ঘ প্রক্রিয়ার বেশির ভাগ সময়ই ব্যয় হয় কঠোর পরীক্ষামূলক ধাপে। জ্ঞানীয় বিজ্ঞানী গ্যারি মার্কাস এবং হৃদরোগ বিশেষজ্ঞ এরিক টোপলের মতো চিকিৎসাবিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বর্তমান এআই মডেলগুলোর মধ্যে জটিল রোগের নিরাময় আবিষ্কারের জন্য প্রয়োজনীয় গভীর কার্যকারণভিত্তিক ও জীববৈজ্ঞানিক উপলব্ধির এখনো ঘাটতি রয়েছে।
বিজ্ঞানীদের বর্তমান সক্ষমতার তুলনায় এ ধরনের অতিরিক্ত উচ্চাভিলাষী পূর্বাভাস সাধারণ মানুষের মাঝে ভুয়া আশার জন্ম দিতে পারে বলে মত বিশ্লেষকদের। ১৯৭০-এর দশকে শুরু হওয়া ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ কর্মসূচির মতো অতীতের অনেক প্রতিশ্রুতি নির্ধারিত সময়ে বাস্তবায়িত হয়নি। ফলে এআই প্রযুক্তি চিকিৎসাবিজ্ঞানের গতি বহুলাংশে বাড়িয়ে দিলেও রোগ নিরাময়ের প্রচলিত দীর্ঘ প্রক্রিয়াগুলোকে রাতারাতি বিলুপ্ত করতে পারবে কি না, তা নিয়ে বিতর্ক থেকেই গেছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।