
ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশলের নিখোঁজ হওয়ার পর থেকে দীর্ঘ আট মাস সন্তানের সন্ধানে ঘুরে বেড়ানো ষাটের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা নাসিমা খান আর নেই। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ অভিনেত্রী।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি স্বপ্ন বিলাশ থেকে নিখোঁজ হন নাসিমা খানের ছোট ছেলে কুশল। বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। ছেলের নিখোঁজ হওয়ার পর থেকেই চরম উৎকণ্ঠায় দিন কাটছিল এই অভিনেত্রীর। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ছেলের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছিলেন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন।
চা খাওয়ার জন্য মায়ের কাছে ৫০ টাকা চেয়ে ঘর থেকে বের হয়েছিল আমার ছেলে কুশল। সে আর ফিরে আসবে ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। নিখোঁজের পর থানায় জিডি করলেও পুলিশের কাছ থেকে সন্তোষজনক কোনো সহযোগিতা পাইনি। - নাসিমা খান
হাসপাতাল সূত্রে জানা যায়, গত সাত দিন ধরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। নাসিমা খানের বড় ছেলে শাবাব নাসিম রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর প্রবীণ এই অভিনেত্রীর দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।