কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি এবং সমমানের পরীক্ষা। এবারই প্রথম দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হতে যাচ্ছে, যা আগের বছরগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন এক ব্যবস্থা। মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এবার অংশ নিচ্ছে, যা গতবারের চেয়ে প্রায় ১৯ হাজার বেশি।
এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পরীক্ষা দেবে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, আর মাদ্রাসা ও কারিগরি বোর্ডে অংশ নেবে ২ লাখেরও বেশি শিক্ষার্থী। প্রথম দিন বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে পরীক্ষা পর্ব, যা চলবে দেশজুড়ে ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টিই ঢাকায়।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই এবং সুষ্ঠু নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। তিনি সতর্ক করে বলেন, কোনোভাবে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে সেই দিনের পরীক্ষা সারা দেশে স্থগিত করে নতুন করে নেওয়া হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়ে দিয়েছেন, কোনো কেন্দ্রে নকল ধরা পড়লে পরীক্ষার্থীর পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্নপত্র বিতরণ থেকে খাতা সংরক্ষণ, ক্যালকুলেটর ব্যবহার থেকে শৌচাগার তল্লাশি, মোট ৩৫টি নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষা সুষ্ঠু করতে। লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৫ আগস্টের মধ্যে।
মন্তব্য করুন