ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভাসতে প্রস্তুত মার্কিন মুলুক। তবে মাঠের লড়াই শুরুর আগেই এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলকে। ফিফা বিশ্বকাপে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ভিনিসিউস জুনিয়র-রদ্রিগোদের কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়েছে। বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে ইমিগ্রেশন ও নিরাপত্তা সংক্রান্ত কড়া স্ক্রিনিং প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে সেলেসাওদের।
ব্রাজিলিয়ান শীর্ষ সংবাদমাধ্যম ‘জার্নাল ও গ্লোবো’ এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবতরণের পর ব্রাজিল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অন্যান্য স্টাফদের কাউকেই ভিআইপি বা বিশেষ কোনো সুবিধা দেওয়া হয়নি। বিশ্বখ্যাত তারকা ফুটবলার হওয়া সত্ত্বেও তারা সাধারণ যাত্রীদের মতোই লাইনে দাঁড়িয়ে সমস্ত নিরাপত্তা প্রটোকল পার হন। নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সবাইকে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হয় এবং তাদের সাথে থাকা ভারী লাগেজ, ব্যক্তিগত ব্যাগ ও অন্যান্য সামগ্রীও অত্যন্ত সূক্ষ্মভাবে পরীক্ষা করা হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কড়া মার্কিন নিরাপত্তা বিধির কারণে বিশ্বখ্যাত অনেক ফুটবলারকে জুতা খুলেও তল্লাশির মুখোমুখি হতে হয়েছে। পুরো প্রক্রিয়াটি শেষ করতে কয়েক ঘণ্টা সময় লেগে যাওয়ায় দীর্ঘক্ষণ বিমানবন্দরেই অপেক্ষা করতে হয় ব্রাজিল দলকে। যদিও দীর্ঘ ভ্রমণের পর এমন কঠোর আনুষ্ঠানিকতা খেলোয়াড়দের জন্য কিছুটা অস্বস্তিকর ছিল, তবুও আয়োজক দেশের কড়া নিরাপত্তা নীতিকে সম্মান জানিয়ে সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে কার্লো আনচেলত্তির দল।
বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্র এবার তাদের নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু ব্রাজিল নয়, অংশগ্রহণকারী বাকি দল এবং বৈশ্বিক কর্মকর্তাদের ক্ষেত্রেও একই ধরনের কঠোর ও আপসহীন নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হচ্ছে। উল্লেখ্য, আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে এবারের হেক্সা মিশন শুরু করবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
মন্তব্য করুন