
পরিবারে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গ্যাসের চুলার আগুনের রঙের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাধারণত গ্যাসের চুলার সঠিক শিখা নীল রঙের হওয়া উচিত, যা সম্পূর্ণ দহনের নির্দেশ করে। তবে আগুন নীল না হয়ে যদি কমলা বা হলুদ রঙের হয়, তবে তা কার্বন মনোক্সাইড গ্যাসের মতো মারাত্মক বিষাক্ত উপাদানের উপস্থিতি ও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, ত্রুটিপূর্ণ চুলার কারণে গৃহস্থালি পরিবেশে বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতা তৈরি হতে পারে।
প্রাকৃতিক গ্যাসের সঠিক দহনের ফলে নীল শিখা তৈরি হয়, যার তাপমাত্রা প্রায় ১ হাজার ৯২৭ সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এর ফলে জ্বালানি পুরোপুরি পুড়ে তাপ, জলীয় বাষ্প ও কার্বন ডাই-অক্সাইডে রূপান্তরিত হয়। কিন্তু চুলার বার্নার নোংরা থাকা, ছিদ্র ব্লক হওয়া বা গ্যাস ও বাতাসের মিশ্রণ অনুপযুক্ত হওয়ার কারণে অসম্পূর্ণ দহন ঘটে। এই অসম্পূর্ণ দহনের ফলেই শিখার রং হলুদ বা কমলা বর্ণ ধারণ করে, যা জ্বালানির অপচয়ের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতি ডেকে আনে।
পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে, ত্রুটিপূর্ণ চুলা থেকে নির্গত বর্ণহীন ও গন্ধহীন কার্বন মনোক্সাইড গ্যাস মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ বিষয়ে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে, নষ্ট চুলায় কার্বন মনোক্সাইডের মাত্রা ৩০ পিপিএম বা তার বেশি হতে পারে, যা শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
"চুলার আগুন কমলা বা হলুদ হওয়া মানে গ্যাস ঠিকমতো পুড়ছে না। এই অবস্থায় দ্রুত অভিজ্ঞ টেকনিশিয়ান ডেকে চুলা পরীক্ষা করানো উচিত, কারণ নিজের ও পরিবারের নিরাপত্তার চেয়ে জরুরি আর কিছু হতে পারে না।"
অনিরাপদ চুলার আগুন কেবল স্বাস্থ্যঝুঁকিই বাড়ায় না, বরং রান্নার মানও কমিয়ে দেয়। নষ্ট চুলা থেকে মিথেন, নাইট্রোজেন ডাই-অক্সাইড এবং বেনজিনের মতো উদ্বায়ী জৈব যৌগ ছড়িয়ে ঘরের বাতাস বিষাক্ত করে তোলে। এছাড়া শিখা লাল হলে গ্যাসের মান এবং গোলাপি বা বেগুনি হলে হিউমিডিফায়ারের প্রভাবে তা হতে পারে। এই সমস্যাগুলো সমাধানে নিয়মিত বার্নার পরিষ্কার করা অত্যন্ত জরুরি। বার্নার পরিষ্কার করার সময় পেপার ক্লিপ ব্যবহার করা নিরাপদ হলেও কাঠের টুথপিক ব্যবহার থেকে বিরত থাকা উচিত, যাতে তা ভেঙে ভেতরে আটকে না যায়।
পরিষ্কারের পর সমস্ত অংশ পুরোপুরি শুকিয়ে তবেই পুনরায় ব্যবহার করতে হবে। সাবধানতা অবলম্বনের পরেও যদি আগুনের রং স্বাভাবিক না হয় বা গ্যাসের গন্ধ পাওয়া যায়, তবে অবিলম্বে চুলা ব্যবহার বন্ধ করে পেশাদার টেকনিশিয়ানের সাহায্য নেওয়া উচিত। সচেতনতাই পারে রান্নাঘরে ঘনিয়ে আসা যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি রোধ করতে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।