বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার গেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জে একটি রাজনৈতিক কর্মসূচি শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতাবৃন্দ সিলেটের উদ্দেশ্যে রওনা হন। পথে গোলাপগঞ্জ পৌরসভার গেটের সামনে পৌঁছালে হঠাৎ একদল লোক তাদের বহরে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা বহরে থাকা একাধিক গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায় বলে এনসিপির পক্ষে দাবি করা হয়েছে। তবে আকস্মিক এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এনসিপির নেতৃবৃন্দের দাবি, রাজনৈতিক শত্রুতার জের ধরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা ও ভাঙচুর চালিয়েছে। কর্মসূচি সফলভাবে শেষ করে ফেরার পথেই এই বাধা ও আক্রমণের শিকার হতে হয় বলে তাদের অভিযোগ।
হামলার খবরের পরপরই গোলাপগঞ্জ থমথমে হয়ে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। খবর পেয়েই দ্রুত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
মন্তব্য করুন