
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তিনি নিউইয়র্কে পৌঁছান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। এরপর মোটর শোভাযাত্রাসহ তাকে 'হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক' হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রীর এ সফর শুধু একটি প্রটোকলভিত্তিক সমাবেশ নয়, বরং বৈশ্বিক নীতিনির্ধারক ও মার্কিন মহলের সামনে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরার একটি উন্মুক্ত মঞ্চ।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং জেপিমরগান হেডকোয়ার্টার্সে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হবেন। এছাড়া রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টেও তার সক্রিয় অংশগ্রহণের কথা রয়েছে।
আগামী ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। তার এই সফরকে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।