
নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে করা মামলাটি আবার শুরু করার নির্দেশ দিয়েছে দিল্লির বিশেষ আদালত। গতকাল সোমবার দিল্লির দ্বারকার বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে এই নির্দেশ দেন। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে তাঁর এজলাসে এই মামলার শুনানি নতুন করে শুরু হবে।
এর আগে সেন্ট্রাল দিল্লি বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি বিকাশ ত্রিপাঠির পক্ষে আইনজীবী পবন নারাং রাউস অ্যাভিনিউ আদালতে মামলাটি করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, জালিয়াতি করে সরকারি সংস্থাকে প্রতারণা করেছেন সোনিয়া। তবে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বরের সেই মামলায় অভিযোগকারীর আবেদন খারিজ করে দিয়েছিলেন রাউস অ্যাভিনিউ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চৌরাসিয়া। নিম্ন আদালতের সেই রায় গতকাল খারিজ করে দেন দ্বারকার বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে। বিচারক জানান, নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট আদেশ দেওয়ার সময় যথাযথ পদ্ধতি অনুসরণ করেননি এবং আইনি ত্রুটি ছিল।
বিজেপির আইটি সেলের তৎকালীন প্রধান অমিত মালবিয়া প্রথম সোনিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন, ১৯৮০ সালে লোকসভা ভোটের আগে নয়াদিল্লি কেন্দ্রের ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম উঠেছিল, অথচ তিনি ভারতের নাগরিকত্ব পান ১৯৮৩ সালে।
দ্বারকার বিশেষ আদালতের বিচারক বিশাল গোগনে বলেন, অভিযোগে তথ্যের ঘাটতি থাকার দাবি ঠিক ছিল না এবং বিচারকের রায়ে সুস্পষ্ট আইনি ত্রুটি ছিল। তাই পুলিশের বক্তব্য শোনা ও তদন্তের অগ্রগতির প্রতিবেদন চাওয়ার নির্দেশসহ নতুন করে মামলার শুনানি শুরু হবে।
সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এই আইনি প্রক্রিয়া নতুন করে চালু হওয়াকে শাসক দলের জন্য একটি বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে দেশজুড়ে যখন বিতর্ক চলছে এবং নির্বাচন কমিশন সমালোচনার মুখে রয়েছে, তখন এই মামলা কংগ্রেসের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। এ বছরের নভেম্বর মাসে সোনিয়ার আত্মজীবনী প্রকাশিত হওয়ার কথা রয়েছে, যার প্রাক্কালে এই আইনি জটিলতা রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মামলার পরবর্তী কার্যক্রমে আদালত কী নির্দেশনা দেয় এবং এই আইনি লড়াই ভারতীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। আগামী ২৯ সেপ্টেম্বর নতুন শুনানির মধ্য দিয়ে এই মামলার পরবর্তী গতিপ্রকৃতি নির্ধারিত হবে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।