টানা ভারী বর্ষণের ফলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সড়কগুলোতে তীব্র যানজট ও যানবাহনের ধীরগতি তৈরি হওয়ায় চালক ও পথচারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ রোববার (১২ জুলাই) ট্রাফিক গুলশান বিভাগের পক্ষ থেকে এক জরুরি ট্রাফিক আপডেটে নগরবাসীকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। টানা বৃষ্টির কারণে এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের সড়ক ছাড়াও বনানী, খিলক্ষেত ও ঢাকা গেটসহ মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিচু এলাকা এখন পানির নিচে।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সাধারণ সড়কে চলাচলকারী গাড়িগুলোকে জলাবদ্ধতার কারণে অতিরিক্ত সতর্কতার সঙ্গে ও ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। পানির কারণে অনেক স্থানে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মোটরযান চালকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানো এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া রাস্তায় সৃষ্ট এই সংকটময় মুহূর্তে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলতে এবং যানজট নিরসনে নগরবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশের সদস্যরা সকাল থেকেই মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মন্তব্য করুন