
যুক্তরাষ্ট্রে ব্যবসা টিকিয়ে রাখতে গিয়ে নজিরবিহীন হিমশিম খাচ্ছেন মার্কিন ব্যবসায়ীরা, যা কোভিডের সময়কার সংকটকেও ছাড়িয়ে গেছে। উত্তর ক্যারোলাইনার র্যালিতে অবস্থিত ডিলওয়ার্থ কফির প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ ভজতাসহ দেশটির বিভিন্ন খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, বৈশ্বিক শুল্ক, মধ্যপ্রাচ্যে সংঘাত এবং সরবরাহ ব্যবস্থার মারাত্মক বিপর্যয়ের ফলে তারা এমন এক অস্থিরতার মুখে পড়েছেন যার মুখোমুখি তারা আগে কখনো হননি।
চলমান এই সংকটের পেছনে কাজ করছে বহুমুখী কারণ। ২০২৪ সালে ব্রাজিলের কফি উৎপাদন সংকট এবং পরবর্তীতে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক শুল্ক আরোপ পণ্যের দাম বাড়িয়ে দেয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরান যুদ্ধ এবং সুপার এল নিনো। লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন, কনটেইনারের ঘাটতি এবং উচ্চ পরিবহন ব্যয়ের কারণে সার উৎপাদনের খরচও বৃদ্ধি পেয়েছে। ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্টের (আইএসএম) মাসিক জরিপেও ব্যবসায়ীদের এই গভীর উদ্বেগের চিত্র উঠে এসেছে।
ডেনভার বিশ্ববিদ্যালয়ের সাপ্লাই চেইন কর্মসূচির পরিচালক জ্যাক বাফিংটন এই পরিস্থিতিকে সম্পূর্ণ ভিন্ন ধরনের জ্বালানি সংকট হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধকে সাময়িক ধাক্কা হিসেবে দাবি করে মূল্যস্ফীতি দ্রুত কমে যাওয়ার কথা বললেও, ব্যবসায়ীরা বলছেন ঐতিহাসিক সরবরাহ ব্যবস্থা সংকটের কারণে এই ধাক্কা সহজে কাটবে না। হোয়াইট হাউসের পক্ষ থেকে হরমুজ প্রণালি খোলার মাধ্যমে তেলের দাম কমানোর আশা প্রকাশ করা হলেও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের পরিবর্তন এসেছে।
খাদ্য ও জ্বালানি বাদে মূল মূল্যস্ফীতি এপ্রিলের পর সর্বোচ্চ হারে বেড়েছে এবং পরিষেবার খাতেও এর স্থায়ী প্রভাব পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র হওয়া এবং ইউক্রেনের রুশ তেল শোধনাগারে হামলার কারণে ডিজেলের দাম দ্বিগুণ হয়েছে। পাশাপাশি, পরপর আঘাত হানা টাইফুনের কারণে সাংহাই বন্দর দুই সপ্তাহ বন্ধ থাকায় বিশ্বজুড়ে পণ্য পরিবহনে মারাত্মক বিলম্ব ঘটছে, যা মার্কিন অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করেছে।
বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা নতুন কোনো পরিকল্পনা করতে পারছেন না। একদিকে মূল্যস্ফীতির চাপে পিষ্ট ক্রেতারা আর কোনো পণ্যের দাম বৃদ্ধি মেনে নিতে প্রস্তুত নন, অন্যদিকে ব্যবসায়ীরাও কঠিন পরিস্থিতির মুখে লাভজনকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। এই বহুমুখী অর্থনৈতিক সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব কাটিয়ে উঠতে দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।