
নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত এক ব্যবসায়ীর বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগ ওঠার পর তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। রবিবার নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে। ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। এর পরপরই বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে ওসির ভূরিভোজে অংশ নেওয়ার বিষয়টি সামনে আসে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন,
একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নিষিদ্ধ রাজনৈতিক দলের সমর্থকের বাড়িতে দাওয়াত খাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।বর্তমানে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
ওসি প্রত্যাহারের পাশাপাশি বটতলা বাজারে মিছিলের ঘটনায় শনিবার সেনবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ওসির দায়িত্ব পালন করছেন। তিনি জানান, শনিবার সন্ধ্যায় ওসি আবদুর রহিম সরকার থানা ত্যাগ করেছেন।
আরও পড়ুন: মরিয়ম খাতুনের মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন
ঘটনাটি নিয়ে জেলা পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওসির বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা চূড়ান্ত করা হবে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।