
এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই ব্যর্থতার পর দলের প্রধান কোচ সারোয়ার ইমরান সরাসরি বিসিবির শীর্ষ কর্তাদের অপেশাদার মন্তব্য ও হঠকারী সিদ্ধান্তকে দায়ী করেছেন। টুর্নামেন্ট চলাকালীন কোচ ও অধিনায়কের বিরুদ্ধে বিসিবি পরিচালকের প্রকাশ্য মন্তব্য দলের খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করেছে বলে তিনি মনে করেন।
টুর্নামেন্ট চলাকালীন বিসিবি পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর নেতিবাচক মন্তব্যের কারণে পুরো দলে অস্থিরতা ছড়িয়ে পড়ে। কোচ সারোয়ার ইমরান এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন,
বোর্ড পরিবর্তন করতেই পারে, কিন্তু সেটা টুর্নামেন্ট চলাকালীন সময়ে নয়! একটা টুর্নামেন্ট খেলার সময় হেড কোচ আর ক্যাপ্টেনকেই যদি আপনি সাইজ করে দেন, তবে কীভাবে ভালো পারফরম্যান্স আশা করেন?
এই ব্যর্থতা কাটিয়ে উঠতে দ্রুত খেলোয়াড়দের মানসিক বুস্ট-আপের ওপর জোর দিয়েছেন কোচ। একই সঙ্গে তিনি দেশে তৃণমূল পর্যায়ে নারী ক্রিকেটের কোনো সুনির্দিষ্ট কাঠামো না থাকাকেও দীর্ঘমেয়াদী সংকটের কারণ হিসেবে উল্লেখ করেছেন।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিসিবি কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করবে কি না, তা নিয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। তবে দলের এই ছন্দপতন ও অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।