
সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্য ১৫ শতাংশেরও বেশি বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। তিনি জানিয়েছেন, কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়াই নেওয়া এই সিদ্ধান্ত দেশের প্রতিটি অর্থনৈতিক খাতে বাড়তি চাপ সৃষ্টি করবে।
রোববার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি ঘোষণার পরপরই এই প্রতিক্রিয়া জানান বিসিআই সভাপতি। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিদ্যমান এবং শিল্প কারখানাগুলো গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ধুঁকছে। এমন একটি নাজুক সময়ে জ্বালানি তেলের দাম বাড়ানোয় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি আরও বাধাগ্রস্ত হবে।
বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন,
দেশে উচ্চ মূল্যস্ফীতি চলছে। শিল্প কারখানায় গ্যাস বিদ্যুৎ পাচ্ছে না। এ রকম সময়ে কারো সঙ্গে আলোচনা না করে জ্বালানি তেলের মূল্য ১৫ শতাংশেরও বেশি বৃদ্ধি করায় সব সেক্টরে বাড়তি চাপ সৃষ্টি করবে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে শিল্প উৎপাদন ও পরিবহন খরচ বহুগুণ বেড়ে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ সতর্ক করে বলেন, এই সিদ্ধান্তের ফলে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর ফলে ব্যবসা সংকুচিত হওয়া, কর্মসংস্থান হ্রাস এবং ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রতি জনগণের আস্থা কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এটি কেবল ব্যবসায়িক নয়, বরং একটি বড় ধরনের আর্থসামাজিক সংকট তৈরি করবে। সরকার যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে, এই সিদ্ধান্তের কারণে তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।