
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে একাধিক বিভ্রান্তিকর ও মিথ্যা দাবি করেছেন। সিএনএনের অনলাইন প্রতিবেদনে জানানো হয়, লিখিত স্ক্রিপ্ট থেকে ভাষণ দিলেও বিভিন্ন বিষয়ে তার করা দাবির সঙ্গে বাস্তব তথ্যের কোনো মিল পাওয়া যায়নি। যুদ্ধবিরতি, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক বিনিয়োগ সংক্রান্ত তার বক্তব্যগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
ভাষণে ট্রাম্প দাবি করেন, ক্ষমতায় আসার পর তিনি কম্বোডিিয়া-থাইল্যান্ড, কসোভো-সার্বিয়া, রুয়ান্ডা-ডিআর কঙ্গো, ভারত-পাকিস্তান, আর্মেনিয়া-আজারবাইজান এবং গাজা যুদ্ধসহ মোট আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। তবে তথ্য যাচাই করে দেখা গেছে, মিশর ও ইথিওপিয়ার বিরোধটি কূটনৈতিক পর্যায়ের ছিল এবং কসোভো-সার্বিয়ার ক্ষেত্রে তার দায়িত্বকালে কোনো যুদ্ধ চলেনি। এছাড়া গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চললেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।
বৈশ্বিক উষ্ণায়ন ও অপরাধের হার কমার দাবি নিয়েও দেখা দিয়েছে বড় ধরনের অসঙ্গতি। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত ১১ বছরই ছিল রেকর্ডের সবচেয়ে উষ্ণ সময়।
বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রে ২১ ট্রিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করার দাবি করেছেন ট্রাম্প। অথচ হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী দ্বিতীয় মেয়াদের বড় বিনিয়োগের ঘোষণা ছিল ১১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। পাশাপাশি ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনো গোলাবারুদের ঘাটতি নেই বলে দাবি করলেও কংগ্রেশনাল বাজেট অফিসের প্রতিবেদনে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের ঘাটতির কথা বলা হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে অপরাধ ৮৭ শতাংশ কমেছে বলে ট্রাম্প যে দাবি করেছেন, তাও মার্কিন পুলিশ বিভাগের তথ্যের সঙ্গে মেলে না। পুলিশ জানিয়েছে, চলতি বছর অপরাধের হার কমেছে প্রায় ২৩ শতাংশ। সার্বিকভাবে জাতিসংঘের এই ভাষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবির সঙ্গে সরকারি ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক তথ্যের উল্লেখযোগ্য ফারাক লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।