
ঢাকা: নতুন পে-স্কেলে শুধু কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নয়, অবসরভোগীদের পেনশনেও বড় ধরনের সংস্কার আনা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই প্রক্রিয়ায় পেনশনযোগ্য চাকরিকাল ৫ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা হিসাব করা হবে অবসরগ্রহণের পূর্বে আহরিত সর্বশেষ মূল বেতনের ওপর ভিত্তি করে। গত রোববার অর্থ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন নিয়ম অনুযায়ী ৫ বছরের চাকরিতে মূল বেতনের ২১ শতাংশ পেনশন পাওয়া যাবে, যা পরবর্তীতে প্রতি বছর চাকরিকাল বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে বাড়তে থাকবে। ১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ, ২০ বছরে ৭২ শতাংশ এবং ক্রমান্বয়ে ২১ বছরে ৭৫, ২২ বছরে ৭৯, ২৩ বছরে ৮৩ ও ২৪ বছরে ৮৭ শতাংশে উন্নীত হবে। আর চাকরিকাল ২৫ বছর বা তার বেশি হলে অবসরভোগীরা সর্বোচ্চ ৯০ শতাংশ হারে পেনশন সুবিধা পাবেন। কম পেনশন পাওয়ার যোগ্য অবসরভোগীদের সুবিধা বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে।
অর্থ বিভাগের নতুন কাঠামো প্রসঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ১০০ শতাংশ, ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকায় ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকায় ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকায় ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধির বিধান করা হয়েছে। তবে সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা। মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তে আজীবন পারিবারিক পেনশন পাবেন।
নতুন পেনশন নির্ধারণ হলেও বাড়তি অর্থ একবারে পুরোটা দেওয়া হচ্ছে না। প্রজ্ঞাপনে ধাপে ধাপে বাস্তবায়নের ব্যবস্থা রাখা হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২০ হাজার ১ টাকা বা তার বেশি বিদ্যমান নিট পেনশনের ক্ষেত্রে নতুন ও পুরোনো পেনশনের পার্থক্যের ৪০ শতাংশ এবং ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে ৫০ শতাংশ দেওয়া হবে। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত বাড়তি অংশের যথাক্রমে যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ পাওয়া যাবে। আর ১ জুলাই ২০২৭ থেকে নির্ধারিত নতুন নিট পেনশনের শতভাগ কার্যকর হবে। একই সঙ্গে অবসর গ্রহণের সময় সর্বোচ্চ ১৮ মাসের ছুটি নগদায়ন এবং পিআরএলের সুবিধা বহাল রাখা হয়েছে।
ছুটি নগদায়ন ও অন্যান্য সুবিধার বিষয়ে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মচারী স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়লে বা মারা গেলে নির্ধারিত শর্তে এককালীন বিশেষ আর্থিক সহায়তার বিধানও বলবৎ থাকবে। এছাড়া মৃত কর্মচারীর পরিবারের জন্য পারিবারিক পেনশন প্রাপ্তির ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের ঊর্ধ্বে পুনর্বিবাহের অঙ্গীকারনামা দাখিলের শর্ত শিথিল করা হয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।