
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হামলার সময় জি এম কাদের নিজ বাসভবনেই অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একদল লোক মিছিল নিয়ে বাসাটির সামনে আসেন এবং বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা বাসাটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে প্রবেশ করতে পারেননি। ঘটনার সময় জি এম কাদের নাশতা সেরে বাসায় ছিলেন এবং বাইরে হইচই ও তাঁর নাম ধরে স্লোগান শুনতে পান।
জি এম কাদের গণমাধ্যমকে বলেন, হামলাকারীরা ভারতের দালাল বলে স্লোগান দিচ্ছিল। এক থেকে দেড় শ লোক ছিল। তারা বাসায় ঢিল ছুড়ে জানালার কাচ ভেঙে ফেলে। থানায় ফোন করার পর পুলিশ আসে, তবে তার আগেই হামলাকারীরা চলে যায়। কেন এই হামলা হলো, তা তিনি বুঝতে পারছেন না।
খবর পেয়ে উত্তরা বিভাগের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা সটকে পড়েন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জি এম কাদেরের বাসার সামনে পুলিশ মোতায়েন রয়েছে এবং তারা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম জানিয়েছেন, কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য মাধ্যম ব্যবহার করে হামলাকারীদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।