
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ড শেষে প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন এক দিনের জিজ্ঞাসাবাদ শেষে মাকছুদাকে আদালতে হাজির করেন। তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, আসামিকে রিমান্ডে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা মামলার নিরপেক্ষ তদন্তে সহায়ক হবে। তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় শেরেবাংলা নগর থানা পুলিশ। পরবর্তীতে নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত জুন মাসে ৭৫ বছর বয়সী গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও সতীনের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। পুলিশ ঘটনাস্থল থেকে মরিয়মের হাতে লেখা কয়েকটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে বিশ্বাসঘাতকতা ও মানসিক যন্ত্রণার কথা উল্লেখ রয়েছে।
"আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম, তার সাথে জিততে পারিনি, হেরে গেলাম ময়দানে। যুদ্ধের শেষ প্রান্তে যেয়ে দেখি তুমি তো ছিলে বিপক্ষের সেনাপতি। আমি হেরেছি, তুমি জিতেছ; কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছ।" - মরিয়মের উদ্ধারকৃত চিরকুট।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত ২১ সেপ্টেম্বর আদালত গাজী নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা বেগমকে এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন। মাকছুদার রিমান্ড শেষ হওয়ায় তাকে কারাগারে পাঠানো হলেও সাবেক এমপি বর্তমানে পুলিশি জিজ্ঞাসাবাদে রয়েছেন।
উল্লেখ্য, নৈতিক স্খলনের অভিযোগে গত জুলাই মাসে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।