
ওয়াশিংটন: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে মার্কিন যুদ্ধবিমানে বোমা তোলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরা୍দ দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন ফ্রন্ট এড়াতে ওয়াশিংটন এই আকস্মিক সিদ্ধান্ত নেয়।
সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা জোরদার করেছে এবং লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য ওয়াশিংটনের কাছে একাধিকবার অনুরোধ জানায়। রাজধানী রিয়াদসহ বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিষয়টি অত্যন্ত জরুরি হয়ে ওঠে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে ফোনালাপে হুতিদের ক্রমবর্ধমান হুমকি নিয়ে আলোচনা করেন। এর আগে পেন্টাগনকে সম্ভাব্য সামরিক অভিযানের নির্দেশ দেওয়া হয়েছিল এবং কমান্ডাররা লক্ষ্যবস্তুর তালিকাও অনুমোদন করেছিলেন। কিন্তু গত রোববার ট্রাম্প হঠাৎ করেই নিজের অবস্থান পরিবর্তন করে বিমান হামলা না চালানোর চূড়ান্ত নির্দেশ দেন।
‘হুতিরা আমাদের ফোন করে জানিয়েছে, তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই।’ - ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে, ইয়েমেনের সৌদি সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্ট রশিদুল আল-আলিমি গত রোববার ফোনে ট্রাম্পের কাছে মার্কিন সামরিক সহায়তার আবেদন জানান। তবে ফোনালাপে ট্রাম্প ইয়েমেনি সরকারকে সহায়তার কোনো সরাসরি প্রতিশ্রুতি দেননি বলেই সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিধি আরও বিস্তৃত করার ঝুঁকি এড়াতেই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকলেন। লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালির আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ থাকলেও মার্কিন প্রশাসনের এই কূটনৈতিক ও সামরিক সংযম পরিস্থিতি আপাতত শান্ত রাখতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।