
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম তাঁদের দাম্পত্যজীবনের ইতি টানছেন। রোববার রাতে ফেসবুকে আলাদা দুটি পোস্ট দিয়ে তাঁরা দুজনই সম্পর্কের বিচ্ছেদের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। দীর্ঘ প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে তাঁরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছেন। যোগাযোগ করা হলে সংবাদমাধ্যমকেও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন শেহতাজ।
প্রীতম ও শেহতাজের সম্পর্কের সূচনা হয়েছিল ২০১৭ সালে প্রীতমের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিওতে কাজের সুবাদে। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি বিলাসবহুল হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সুন্দর মুহূর্ত ভাগ করে নিলেও গত কিছুদিন ধরে তাঁদের সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁরা নিজেরাও পথ আলাদা করার ঘোষণা দিলেন।
পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে। - প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম
কেন এমন আকস্মিক সিদ্ধান্ত, তা পরিষ্কার করেছেন এই তারকা জুটি। তাঁদের ভাষ অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা উপলব্ধি করেছেন যে পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে তাঁদের পক্ষে আর একসঙ্গে পথ চলা সম্ভব নয়। তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এবং পরিবারের পূর্ণ সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এই বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
জীবনের এই কঠিন পরিবর্তনের সময়ে সংবাদকর্মী, সহকর্মী ও ভক্তদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। এই ব্যক্তিগত বিষয়ের প্রতি যেন সবাই সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করেন এবং তাঁদের গোপনীয়তা বজায় রাখতে সহায়তা করেন, সেই আহ্বান জানিয়েছেন তাঁরা। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরও একে অপরের প্রতি কোনো তিক্ততা নেই এবং ভবিষ্যতে একে অপরের শুভকামনা করবেন বলেও জানিয়েছেন এই জনপ্রিয় জুটি।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।