সংক্ষেপে মূল তথ্য
- মুক্তির দুই সপ্তাহের বেশি আগে উত্তর আমেরিকায় ৫ লাখ ৫৮ হাজার ডলারের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে 'রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড'-এর।
- তিন বিদেশি বাজারে মোট অগ্রিম বিক্রি ৭ লাখ ৭১ হাজার ডলার।
মুক্তির এখনো দুই সপ্তাহের বেশি বাকি, এরই মধ্যে উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রিতে ৫ লাখ ডলারের মাইলফলক ছাড়িয়েছে রণবীর কাপুর ও যশ অভিনীত 'রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড'।
ফিল্মস ডিসকোর্সের তথ্য অনুযায়ী, তিনটি বিদেশি বাজারে ছবিটির মোট অগ্রিম বিক্রি ৭ লাখ ৭১ হাজার ডলারে পৌঁছেছে। এর মধ্যে উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডা) অবদান ৫ লাখ ৫৮ হাজার ডলার, যা মোট বিদেশি অগ্রিম বিক্রির প্রায় ৭২ শতাংশ। যুক্তরাজ্যে ১ লাখ ৪১ হাজার আর অস্ট্রেলিয়ায় প্রায় ৭২ হাজার ডলারের টিকিট বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রিমিয়ার শোয়ের প্রায় ১০ হাজার ৮০০ টিকিট বিক্রি হয়ে গেছে, যার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার ডলার। কানাডাসহ উত্তর আমেরিকায় প্রিমিয়ারের অগ্রিম বিক্রি ২ লাখ ৫০ হাজার ডলার ছাড়িয়েছে। ৫ নভেম্বর মুক্তির দিনের জন্য তিন বাজারে অগ্রিম বিক্রি হয়েছে ১ লাখ ৬২ হাজার ডলার।
নিতেশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যিক ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী আর রাবণের ভূমিকায় যশ। হনুমানের চরিত্রে সানি দেওল ও লক্ষ্মণের চরিত্রে রবি দুবে। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ৫ নভেম্বর, ২০২৬।
এদিকে ভারতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ২০ অক্টোবর, দশেরার দিন। গুঞ্জন আছে, ভারতে মুক্তির প্রথম দিনেই ছবিটি ১০০ কোটি রুপির ব্যবসা করতে পারে, যা ভারতীয় বক্স অফিসের বিরল কৃতিত্ব হবে।