
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় পুরোদমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ আট দিনের ছুটির পর রোববার সকাল থেকে দুই দেশের মধ্যকার এই বাণিজ্যিক কার্যক্রমে গতি ফিরে আসে, যার ফলে বন্দর এলাকায় জমে থাকা পণ্য ও ট্রাকজট দ্রুত কমতে শুরু করেছে।
এর আগে দুর্গাপূজার সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির কারণে গত ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন এই স্থলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে এই ছুির সময়েও বন্দর অভ্যন্তরে পণ্য ওঠানো-নামানো এবং শুল্কায়নের কিছু সীমিত কার্যক্রম চালু রাখা হয়েছিল, যার ফলে ভারতীয় খালি ট্রাকগুলো সময়মতো নিজ দেশে ফিরে যেতে পেরেছিল।
বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র জানান, শনিবারে সার্ভার জটিলতার কারণে কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হলেও রোববার থেকে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম স্বাভাবিক ও পুরোদমে পরিচালিত হচ্ছে।
দীর্ঘ ছুটির পর বন্দর সচল হওয়ায় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানিয়েছেন, ছুটিতে থাকা সকল কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে যোগ দিয়েছেন এবং ব্যবসায়ীরা যাতে দ্রুত তাদের আমদানি করা পণ্য খালাস করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
বাণিজ্যিক সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে সীমান্তে জমে থাকা পণ্যের চাপ দ্রুত কমে যাবে এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য আরও গতিশীল হবে। বন্দর ব্যবহারকারীরা এখন নিয়মিত শিডিউলে পণ্য পরিবহন ও শুল্কায়নের সুফল পেতে শুরু করেছেন।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।