
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় মো. মাহবুবুল আলম হানিফকে মৃত্যুদণ্ড এবং অপর তিন আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর বিভিন্ন ধারায় এই রায় ঘোষণা করা হয়। রায়ে দণ্ডপ্রাপ্তদের স্থাবর সম্পত্তির অর্ধাংশ বাজেয়াপ্ত করে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এর ৩(২)(এ), ৩(২)(জি), ৩(২)(এইচ), ৪(১), ৪(২), ৪(৩) ও ২০(২) ধারায় বিভিন্ন চার্জে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার পর আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন, যা দেশের আইন অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
আদালত রায়ে উল্লেখ করেছেন, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল এই কঠোর শাস্তি প্রদান করেছেন।
রায়ে আরও বলা হয়েছে, সাজাপ্রাপ্ত সব আসামির স্থাবর সম্পত্তির অর্ধাংশ রাষ্ট্র কর্তৃক বাজেয়াপ্ত করা হবে। বাজেয়াপ্তকৃত সম্পত্তি বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ জুলাই ফাউন্ডেশন কিংবা সরকারের অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে মো. সদর উদ্দিন খান, মো. আজগর আলী ও মো. আতাউর রহমানি আতাকে ১ নম্বর চার্জের বিভিন্ন কাউন্টে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একাধিক চার্জে তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়েছে। আদালতের এই রায়ের ফলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বলে আইজীবীরা মন্তব্য করেছেন।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।