
হেলসিঙ্কি, ফিনল্যান্ড: স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের ক্লাব নর্ডিক ক্যাপিটালসের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে ঝরাপাতার উৎসব শরৎ। নর্ডিক ফল সোয়ারি নামের এই আয়োজনে স্থানীয় কমিউনিটির প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
হেলসিঙ্কির একটি স্থানীয় কমিউনিটি খেলার মাঠে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এই সম্প্রীতি ও বন্ধনের উৎসব। দিনব্যাপী এই আয়োজনে কুইজ প্রতিযোগিতা, গেস দ্য প্লেয়ার, টোকেন ড্র এবং আকর্ষণীয় পারফরম্যান্সের ব্যবস্থা ছিল। প্রতিটি পর্বে অংশগ্রহণকারীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশ ফুটিয়ে তোলে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের কর্ণধার ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় নর্ডিক ক্যাপিটালস ক্রিকেট ক্লাবের ২০২৬ সালের পথচলা, অর্জন এবং বিভিন্ন সাফল্যের গল্প তুলে ধরা হয়। পাশাপাশি আগামী এক বছরের জন্য ক্লাব পরিচালনার উদ্দেশ্যে নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
কেবল অর্জন উদযাপনই নয়, ক্লাবের প্রতি নিষ্ঠা, পরিশ্রম ও গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ খেলোয়াড় ও ম্যানেজিং বোর্ডের সদস্যদের বিশেষ সম্মাননা জানানো হয়। আয়োজকদের মতে, প্রবাসের ব্যস্ত জীবনে এই ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক আয়োজন পারস্পরিক মেলবন্ধন দৃঢ় করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
প্রবাসের যান্ত্রিক জীবনে এই ধরনের উৎসব আমাদের শিকড়ের সাথে যুক্ত রাখে এবং নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির আলো ছড়িয়ে দেয়।
আনুষ্ঠানিকতা শেষে আকর্ষণীয় গালা ডিনার এবং কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে। স্মৃতিময় মুহূর্তগুলো ধরে রাখতে একসঙ্গে ছবি তোলা এবং প্রীতিভোজের মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি আনন্দদায়ক সন্ধ্যা অতিবাহিত করেন।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।