
টোকিও: জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার (২৮ অক্টোবর) দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি একটি উন্নত হাসপাতাল, একটি হোম-কেয়ার নার্সিং সেন্টার এবং ঐতিহাসিক টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন। দিন শেষে তিনি জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরের শুরুতে সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। এ সময় ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বে এ ধরনের মাত্র পাঁচটি সিটি স্ক্যানার রয়েছে। এ ছাড়া তিনি ক্লিনিকের পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত আধুনিক রোবট প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন।
"জাপানের স্বাস্থ্যসেবা ও প্রবীণ পরিচর্যা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং প্রযুক্তিগত দিক থেকে প্রশংসনীয়। কমিউনিটিভিত্তিক এই উদ্যোগগুলো মানবকল্যাণে অনন্য ভূমিকা রাখছে।"
ক্লিনিক পরিদর্শনের পর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। সেখানে নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করে জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন অবলোকন করেন। বিকেলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এই সফল সফর ও মতবিনিময় কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং স্বাস্থ্য খাতের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রবীণ পরিচর্যা খাতে জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।