
ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা নামের একটি সাততলা ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। অত্যন্ত সরু রাস্তা, তীব্র যানজট এবং উৎসুক জনতার ভিড়ের কারণে মাত্র দুই মিনিটের পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের গাড়িগুলোর ২০ মিনিট সময় লেগে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে অবস্থিত মনজুর খান প্লাজার ষষ্ঠতলার একটি দোকান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়। শুরুতে ৫টি ইউনিট কাজ শুরু করলেও ভবনে প্রচুর ধোঁয়া এবং আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ায় পরবর্তীতে মোট ১০টি ইউনিট মোতায়েন করা হয়। ভবনের বিভিন্ন তলায় কসমেটিক্স, ছাতা ও ভ্যানিটি ব্যাগের গোডাউন থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
পুরান ঢাকার অত্যন্ত সরু রাস্তায় অগ্নিকাণ্ডেরস্থলে পৌঁছাতে যেমন বেগ পেতে হয়েছে, তেমনি ভয়াবহ যানজট তৈরি হয়। বিশেষ করে আগুনের ভয়াবহতায় যখন ইউনিট বাড়ানোর প্রয়োজন হলো, তখন উৎসুক জনতার ভিড় ও পানির স্বল্পতায় কাজ ব্যাহত হয়।
ঘটনাস্থলে ফায়ার ফাইটারদের সঙ্গে পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা যৌথভাবে কাজ করছেন। তবে ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার পর পানির সংকটের কারণে দ্রুত তা নেভানো সম্ভব হয়নি। পাশের ভবন থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে হচ্ছে। এছাড়া উৎসুক জনতার উপচে পড়া ভিড় এবং সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলোর প্রবেশে মারাত্মক প্রতিকূলতার সৃষ্টি হয়।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। ঘনবসতিপূর্ণ ও বাণিজ্যিক এই এলাকায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।