
রাজধানীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সুরির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে ২৮ বছর বয়সী এই সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। তার সুরতহাল প্রতিবেদনে শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে পুলিশ।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এই সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ জানায়, ঘটনাস্থল ও মরদেহের বাহ্যিক অবস্থা পর্যবেক্ষণের সময় তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই আইফোনের মাধ্যমেই তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, তাহসিফের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি ছিল। উদ্ধারের সময় তার চোখ ও মুখ বন্ধ ছিল এবং নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায়। এ ছাড়া তার দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো ও মুষ্টিবদ্ধ এবং পেট ফোলা অবস্থায় ছিল। তার বুক, পেট, পিঠ, দুই পা ও যৌনাঙ্গ স্বাভাবিক ছিল এবং পরিধানে ছিল কালো রঙের ফুলহাতা কাবলি শার্ট ও সাদা ট্রাউজার।
নিহত কে এম তাহসিফ সুরি বিমানবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন এবং তার মূল বাড়ি খুলনার সোনাডাঙ্গায়। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রীর দেশত্যাগের একটি ভিডিও ধারণ করা নিয়ে তিনি আলোচনায় এসেছিলেন বলে জানা যায়। তবে তার এই আকস্মিক মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
বর্তমানে পুলিশ ও সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থা অপমৃত্যুর এই ঘটনাটি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের সদস্যদের উপস্থিতিতে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।