
রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে সাবেক দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে ডিএমপির গোয়েন্দা বিভাগের পল্লবী জোনাল টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার রাত আড়াইটার দিকে বনানীর একটি বাসা থেকে এই দুই সাবেক সেনা কর্মকর্তাকে আটক করা হয়। ডিবি পুলিশের একজন পরিদর্শক বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচার, তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরির অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আসামিরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও পলাতক শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে তাঁরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ‘কালআজকাল ডটকম’ নামক একটি পেজের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন কনটেন্ট তৈরি করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁরা সহযোগীদের নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কুৎসামূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। এ ছাড়া লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার বিরুদ্ধে ২০১৮ সালের নির্বাচনের আগে গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতি একাত্মতা প্রকাশ এবং বঙ্গবন্ধু সেনা পরিষদ গঠনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাইবার অপরাধ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম দমনে কঠোর অবস্থান বজায় রেখেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাঁদের সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।