
ঢাকা: দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক দিনের ব্যবধানে খোলা সয়াবিন তেল, পাম তেল, চায়না রসুন, বিভিন্ন ধরনের সবজি, ডিম ও মাছের দাম কেজিতে ৫ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। হুট করে এমন দাম বৃদ্ধিতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
রাজধানীর লালবাগ ও নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ২০০ টাকা থেকে বেড়ে ২১০ টাকা এবং পাম তেল ১৯০ টাকা থেকে বেড়ে ১৯৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া চায়না রসুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১৩০ থেকে ১৫০ টাকা এবং দেশি রসুন ৯০ থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে। বুট, ছোলা ও চালের দামেও কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে।
বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। শিম ২৪০ থেকে ২৪৫ টাকা, পেঁপে ২৫ থেকে ৩৫ টাকা, বরবটি ১০০ থেকে ১০৫ টাকা এবং করলা ৭৫ থেকে বেড়ে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের ডজনপ্রতি ৫ টাকা বেড়ে ১৪৫ থেকে ১৫০ টাকা হয়েছে। মাছের বাজারেও তেলাপিয়া, পাঙাশ, রুই ও চিংড়িসহ বিভিন্ন মাছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
পাইকারি বাজার থেকে যে দামে কিনে আনি, তার সঙ্গে কিছু লাভ রেখে সেই দামেই বিক্রি করি। পাইকারিতে দাম বাড়লে আমাদেরও বাড়াতে হয়। আসলে আমরাও চাই না দাম বাড়ুক, কারণ দাম বেশি হলে ক্রেতারাও কম কেনেন। - তারেক, সবজি বিক্রেতা
নিউমার্কেটের মাছ বিক্রেতা মফিজুল ইসলাম জানান, মাছ বেশির ভাগই ঢাকার বাইরে থেকে আসে। তেলের দাম বাড়ার কারণে পাইকাররাও মাছের দাম বাড়িয়ে দিয়েছেন, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পরিবহন খরচ এভাবে বাড়তে থাকলে আগামীতে পণ্যের দাম আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।