সংক্ষেপে মূল তথ্য
- নতুন বেতন স্কেলে বেতন নির্ধারণের (পে-ফিক্সেশন) কাগজপত্রের হার্ডকপি জমার নির্দেশ মাউশির।
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন হারে বেতন পেতে জানুয়ারি পর্যন্ত গড়ানোর আশঙ্কা।
নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের (পে-ফিক্সেশন) জন্য প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১৮ অক্টোবরের মধ্যে এসব কাগজপত্র জমা দিতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাউশি অধিদপ্তরের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং ইন-সিটু হিসেবে কর্মরত সব কর্মকর্তাকে পে-ফিক্সেশনসংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে। এসব কাগজপত্রের হার্ডকপি শিক্ষা মন্ত্রণালয়ের ৪৫ পুরানা পল্টনে অবস্থিত চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে। জমা দেওয়া নথিতে সংশ্লিষ্ট কর্মকর্তার অডিট ভলিউম নম্বর ও পৃষ্ঠা নম্বর উল্লেখ করতে হবে।
এদিকে নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে বিলম্বের আশঙ্কা রয়েছে। সরকারের প্রয়োজনীয় নির্দেশনা না পাওয়ায় মাউশির ইএমআইএস সেল এখনো কার্যক্রম শুরু করতে পারেনি। নির্দেশনা পেতে নভেম্বর, এমনকি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সে ক্ষেত্রে নতুন বেতন স্কেলে বেতন পেতে জানুয়ারি পর্যন্ত গড়ানোর আশঙ্কা রয়েছে।
তবে নতুন বেতন স্কেল কার্যকরের সময় জুলাই থেকে নির্ধারিত হওয়ায় বেতন পেতে বিলম্ব হলেও ওই সময় থেকে বকেয়াসহ অর্থ পাওয়ার কথা বলা হচ্ছে। এ কারণে কত টাকা বকেয়া পাবেন, তা হিসাব করতে অনলাইনে বেতন স্কেল বকেয়া ক্যালকুলেটর খুঁজছেন অনেকে, যা এখন গুগল ট্রেন্ডসে বাংলাদেশের শীর্ষ অনুসন্ধানগুলোর একটি।