
অভাবের তাড়নায় গর্ভজাত সন্তান বিক্রির সিদ্ধান্ত নেওয়া অসহায় নারী আঁখি ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। গত ১৩ অক্টোবর সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে এবং দ্রুততম সময়ের মধ্যে তার নির্দেশনায় পরিবারটির সঙ্গে যোগাযোগ করা হয়।
জানা গেছে, আঁখির স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরিবারটিতে চরম আর্থিক সংকট দেখা দেয়। চিকিৎসায় ব্যয় এবং সংসারের খরচ মেটাতে গিয়ে তারা ঋণের জালে জড়িয়ে পড়েন। এই চরম পরিস্থিতিতে বাধ্য হয়েই অনাগত সন্তানকে বিক্রির মতো হৃদয়বিদারক সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিলেন আঁখি। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর তা প্রশাসনের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে।
প্রতিবেদনটি প্রকাশের দিনই প্রধানমন্ত্রী বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির খোঁজ নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনার মাত্র এক ঘণ্টার মধ্যে আঁখির পরিবারের সন্ধান পাওয়া যায় এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়।
পরিবারটির দুরবস্থা অনুধাবন করে তাদের পাশে দাঁড়ানোর সুনির্দিষ্ট উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে গত রোববার আঁখি ও তার পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাদের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে সন্তান প্রসবের সব চিকিৎসা খরচ বহন এবং পরিবারের কোনো একজনের কর্মসংস্থানেরও জোরালো আশ্বাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় পর্যায় থেকে এমন দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে একটি অসহায় পরিবার বড় ধরনের মানবিক বিপর্যয় থেকে রক্ষা পেল। সরকারের এই ইতিবাচক পদক্ষেপে সমাজের অবহেলিত ও সংকটাপন্ন মানুষের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকার একটি বড় দৃষ্টান্ত স্থাপিত হলো।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।