
বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের আলাদা দুটি প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদল করা হয়। প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার অংশ হিসেবে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর মধ্যে গত মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়। অন্যদিকে, বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে ডিএমপির ৬ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ডিএমপিতে, ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসানকে বরিশালে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে। এছাড়া মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে এবং মো. মমিনুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে পদায়ন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পৃথক আদেশে বনানী ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে নতুন মুখ আনা হয়েছে। ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিনকে বনানী থানার ওসি এবং আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গোয়েন্দা মতিঝিল বিভাগে মুহাম্মদ ফরিদুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিমকে ডিএমপির উত্তরা বিভাগে, সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে এবং ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে গোয়েন্দা রমনা বিভাগে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: অক্টোবরে টানা ৫ দিন ছুটির সুযোগ পেলেন যারা
নবনিযুক্ত এসব কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও সুসংহত করতেই এই বদলি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।