গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সংবাদ সম্মেলন করে নিজ নিজ দলীয় পদ থেকে একসঙ্গে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
পদত্যাগকারী দুজন হলেন কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওহিদুজ্জামান এবং তার ছেলে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া অনিক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান।
লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া অনিক বলেন, তিনি ব্যক্তিগত সমস্যার কারণে সজ্ঞানে ও স্বেচ্ছায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন। ভবিষ্যতে ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে তিনি আর সম্পৃক্ত থাকবেন না বলে নিশ্চিত করেন।
একই সংবাদ সম্মেলনে তার বাবা ওহিদুজ্জামানও লিখিত বক্তব্যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনিও ভবিষ্যতে দলের কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত না থাকার কথা জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমের কর্মীরা উপস্থিত থাকলেও, পদত্যাগের ‘ব্যক্তিগত কারণ’ সম্পর্কে বাবা-ছেলে কেউই বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রদান করেননি।
মন্তব্য করুন