
শাসক হিসেবে ২৫ বছর পূর্ণ করার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে টানা ১২ বছর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মোদি এর আগেও বিভিন্ন সময় বড় রাজনৈতিক সংকট সফলভাবে মোকাবেলা করেছেন। তবে বর্তমান পরিস্থিতি এবং এর প্রেক্ষাপট আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি জটিল ও সংবেদনশীল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গুজরাট দাঙ্গা, নোটবন্দী, জিএসটি কিংবা করোনা মহামারীসহ বিগত আড়াই দশকে বহু প্রতিকূলতা পেরিয়ে এসেছেন নরেন্দ্র মোদি। প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের রাজনৈতিক কৌশল ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এই প্রথম সরকারের নীতির পাশাপাশি সরাসরি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পাশাপাশি দেশের তরুণ প্রজন্ম বা জেন জি সম্প্রদায়ের অনাস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধীদের পাশাপাশি খোদ কমিশনের অভ্যন্তরীণ বিষয় থেকেও প্রশ্ন জোরালো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে জানানো হয়েছে,
নির্বাচন কমিশনের ভূমিকা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনারদের নিয়োগপদ্ধতি ও আইনি রক্ষাকবচ নিয়ে বিতর্কের কোনো সন্তোষজনক জবাব এখনো পাওয়া যায়নি। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে।
ভারতের রাজনীতিতে এই প্রথম সরকারের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তুলেছে দেশের জেন জি প্রজন্ম। এক যুগেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক প্রশাসনের ক্লান্তি থেকে তৈরি হওয়া এই অনাস্থা বিরোধীদের উৎসাহিত করেছে। অন্যদিকে ক্ষমতাসীন দল এই আন্দোলনকে বিদেশি চক্রান্ত ও রাষ্ট্রবিরোধীদের তৎপরতা হিসেবে চিহ্নিত করার কৌশল নিয়েছে। আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনে জেন জি এবং জেন আলফা প্রজন্মের প্রায় ৮০ কোটি ভোটার বড় ভূমিকা পালন করবে। এই বিশাল তরুণ ভোটারদের অসন্তোষ সামাল দিয়ে নরেন্দ্র মোদি কীভাবে রাজনৈতিক বৈতরণী পার হন, সেটিই এখন দেখার বিষয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে কট্টর হিন্দুত্ববাদী অবস্থান ও শক্তিশালী নির্বাচনী মেশিনারির ওপর ভর করে সংকট কাটিয়ে উঠলেও এবার পরিস্থিতি ভিন্ন। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং তরুণ প্রজন্মের প্রশ্নগুলো মোদির রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আবির্ভূত হয়েছে। এই সংকট মোকাবিলা করে তিনি কতটা সফল হন, তা সময়ই বলে দেবে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।