
দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন কাঠামো ডি-থ্রি ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল তাদের প্রধান কোচ ও সহকারী কোচদের নাম চূড়ান্ত করেছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ড্রাফটে প্লেয়ার্স ড্রাফটের আদলেই কোচিং ও সাপোর্ট স্টাফ বেছে নেয় এইস ব্লুস্টার্স, একমি, সিটিজেনস ব্যাংক, ফরচুন, সেভেন রিংস সিমেন্ট ও ওয়ালটন। টুর্নামেন্টে প্রতিটি দল একজন প্রধান কোচ, দুজন সহকারী কোচসহ ফিজিও, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও ট্রেইনার নিয়োগ দিয়েছে।
ঘরোয়া ক্রিকেটে নতুন এই টুর্নামেন্টের দল গঠন প্রক্রিয়া শুরু হয়েছে অভিনব উপায়ে। ড্রাফটের প্রথম ডাকেই প্রধান কোচ হিসেবে সোহেল ইসলামকে নেয় এইস ব্লুস্টার্স। এছাড়া একমিতে রাজিন সালেহ, সিটিজেনস ব্যাংকে মিজানুর রহমান বাবুল, ফরচুনে মোহাম্মদ সালাহউদ্দিন, সেভেন রিংসে তালহা জুবায়ের এবং ওয়ালটনে আব্দুর রাজ্জাক প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। সহকারী কোচদের তালিকাতেও মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরান, হান্নান সরকার ও তারেক আজিজের মতো দেশের ক্রিকেটের পরিচিত মুখেরা স্থান পেয়েছেন।
বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টের আর্থিক কাঠামো ও পারিশ্রমিক বোর্ড কর্তৃক নির্ধারিত হবে এবং জাতীয় দলের দায়িত্বে থাকা কোচদের ক্ষেত্রে বদলি নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
তিন ফরম্যাটের এই প্রতিযোগিতায় মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে টি-টোয়েন্টি ১৯টি, ওয়ানডে ১৬টি এবং চার দিনের ক্রিকেট ৭টি ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। আগামী ১৫ ডিসেম্বর বরিশালের জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ডি-থ্রি ট্রফির খেলা মাঠে গড়ায়ার কথা রয়েছে। এরপর জানুয়ারিতে চার দিনের ক্রিকেট এবং মে মাসে ওয়ানডে ম্যাচের মাধ্যমে তিন ফরম্যাটের এই লড়াই সম্পন্ন হবে। প্রতিটি দল সর্বনিম্ন ১২টি ও সর্বোচ্চ ১৭টি ম্যাচ খেলার সুযোগ পাবে।
কোচিং স্টাফদের চূড়ান্ত করার পর এবার খেলোয়াড় দল গঠনের পালা। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ডি-থ্রির বহুল প্রতীক্ষিত প্লেয়ার্স ড্রাফট, যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৩ জন করে ক্রিকেটার দলভুক্ত করতে পারবে। ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন ও তরুণ ক্রিকেটারদের দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় রাখার লক্ষ্যেই এই টুর্নামেন্ট সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।