
প্রযুক্তি জায়ান্ট মেটা তাদের ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহকারী মিউজ-কে বিভিন্ন ধরনের ডিভাইসের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করতে একটি নতুন প্রকল্প চালু করেছে। মিউজ গ্যাজেটস নামের এই প্রকল্পের মাধ্যমে নির্মাতা এবং প্রযুক্তি নিয়ে কাজ করা ব্যক্তিরা মিউজের সঙ্গে যুক্ত নিজস্ব হার্ডওয়্যার বা ডিভাইস তৈরি করতে পারবেন। শুক্রবার মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করার ঘোষণা দেওয়া হয়।
নতুন এই প্রকল্পে উন্মুক্ত উৎসের ডিভাইসের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এবং লিনাক্সভিত্তিক সফটওয়্যার উন্নয়ন সরঞ্জাম রাখা হয়েছে। মিউজের সঙ্গে কী ধরনের ডিভাইস যুক্ত করা যেতে পারে, তার কয়েকটি সুনির্দিষ্ট নমুনাও প্রকাশ করেছে মেটা। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মিউজের সঙ্গে রঙিন ইলেকট্রনিক কাগজের পর্দা, টেলিভিশনের এইচডিএমআই সংযোগ এবং কম দামের রাসবেরি পাই বা ইএসপি৩২ বোর্ড ব্যবহার করে বিভিন্ন ডিভাইস তৈরি করা সম্ভব।
এ ধরনের ডিভাইসের সঙ্গে পর্দা, বোতাম, বিভিন্ন সেন্সর এবং নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করার বিশেষ সুযোগ থাকছে। প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে আগ্রহীদের সহায়তার জন্য একটি ডিসকর্ড চ্যানেলও চালু করেছে মেটা। মেটা নিজেরাও এর একটি নমুনা তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে মিউজ হোম লিংক।
মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান নাট ফ্রিডম্যান জানিয়েছেন, ইউএসবি-সি সংযোগের মিউজ হোম লিংক ডিভাইসের মাধ্যমে মিউজকে সরাসরি ঘরের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা যায়। এর ফলে মিউজ ওই নেটওয়ার্কে থাকা স্মার্ট টেলিভিশন ও স্পিকারের মতো বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। মেটা এই ডিভাইসের ৫ হাজার ইউনিট তৈরি করেছে এবং মিউজের গ্রাহকদের মধ্যে সরবরাহ থাকা পর্যন্ত তা বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে এই ডিভাইসের প্রতি প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ দ্রুত বৃদ্ধি পেয়েছে।
মিউজ গ্যাজেটস প্রকল্পটি সাধারণ ব্যবহারকারীদের মাঝে কতটা জনপ্রিয়তা লাভ করবে, তা নিয়ে প্রশ্ন থাকলেও এর মাধ্যমে মিউজকে কেবল একটি সাধারণ এআই সহকারী হিসেবে নয়, বরং বিভিন্ন ডিভাইস ও সেবার সঙ্গে একীভূত একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে মেটা। সম্প্রতি ছোট ব্যবসার জন্যও মিউজের নতুন সংস্করণ চালু করা হয়েছে, যেখানে শপিফাই, ড্রপবক্স ও স্ল্যাকের মতো সেবা যুক্ত করা সম্ভব হয়েছে। করপোরেট গ্রাহকদের জন্য এআই সেবা সম্প্রসারণে মেটা নতুন ব্যবসায়িক ইউনিটও চালু করেছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।