
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের মধ্যে এক বাংলাদেশির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক রয়েছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং থেকে পাঠানো সবশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবার বিকেলে ঘটা ওই হামলায় মোট ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন, যার মধ্যে দুই জন বাংলাদেশি নিহত ও ২৭ জন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ১২ জনকে ছেড়ে দেওয়া হলেও বাকি ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শনিবার বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ২৭ জন বাংলাদেশির মধ্যে ১১ জন প্রবাসী কর্মী এবং ১৬ জন ওমরাহ ভিসার যাত্রী। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং সার্বিক খোঁজখবর রাখতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে। এদিকে হামলার পর বিমানবন্দর এলাকা সাময়িকভাবে বন্ধ থাকায় বাংলাদেশ থেকে যাওয়া এবং দেশে ফেরত আসাসহ প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি সেখানে আটকা পড়েন।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া ওমরাহ যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে বিভিন্ন হোটেলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রিয়াদ থেকে ঢাকাগামী সৌদিয়া এয়ারলাইন্সের বাতিলকৃত ফ্লাইট এসভি ৮০৪ এর প্রায় চারশত যাত্রীকে দাম্মাম বিমানবন্দর দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। পাসপোর্ট হারিয়ে ফেলা ৩ জন বাংলাদেশির অনুকূলে জরুরি ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে।
আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে দূতাবাসের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আহত সকল বাংলাদেশির সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং তাদের সর্বশেষ আপডেট জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাসের সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ওমরাহ ভিসায় আগত নওগাঁর বাসিন্দা সাফফাত রহমানের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করায় রিয়াদের সঙ্গে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মী আগমন, সাধারণ কর্মী ও অসুস্থ ব্যক্তিদের প্রত্যাবর্তন এবং মৃতদেহ পাঠানো স্থগিত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রবাসীদের যেকোনো জরুরি সেবা প্রদানে বাংলাদেশ দূতাবাস সবসময় প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।