
ফিটনেসের সেরা অবস্থায় ফিরতে পারলে ইংল্যান্ডের তারকা জুড বেলিংহ্যামকেই বিশ্বের সেরা মিডফিল্ডার বলে মনে করেন সাবেক জার্মান ও রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। ভাই ফেলিক্স ক্রুসের সঙ্গে উপস্থাপিত একটি শোতে অতিথি রিও ফার্দিনান্দকে সঙ্গে নিয়ে বেলিংহ্যামের পারফরম্যান্স নিয়ে আলোচনা করেন ক্রুস। সেখানে এই ইংলিশ মিডফিল্ডারের শারীরিক সক্ষমতা, টেকনিক ও কৌশলগত বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করেন তিনি।
ভাই ফেলিক্স ক্রুসের সঙ্গে উপস্থাপিত ‘ক্রুস অ্যান্ড ক্রুস: দ্য ওয়ার্ল্ড কাপ আন্ডার দ্য মাইক্রোস্কোপ’ নামের টিকটক শোতে বেলিংহ্যামকে নিয়ে কথা বলেন ক্রুস। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দ। অতীতে মাঠে ও মাঠের বাইরে এই তারকাদের অভিজ্ঞতা থেকে আধুনিক ফুটবলের মিডফিল্ড লড়াইয়ের বিভিন্ন দিক উঠে আসে।
ক্রুস বলেন, ‘আমার কাছে বেলিংহ্যাম বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। সে যদি নিজের সেরা অবস্থায় থাকে, তাহলে আমার মনে হয়, সে বিশ্বের সেরা কিংবা সেরা হওয়ার সামর্থ্য তার আছে।’
বেলিংহামের সামর্থ্য সম্পর্কে টনি ক্রুসের ধারণা বেশ কাছ থেকেই পাওয়া। ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদে একই সঙ্গে খেলেছেন দুজন। সেই সফল মৌসুমে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল রিয়াল মাদ্রিদ। বেলিংহামের শারীরিক শক্তি, টেকনিক ও কৌশলগত বুদ্ধিমত্তার সমন্বয়কে বিশেষভাবে উল্লেখ করেছেন ক্রুস। তার মতে, দ্বৈরথে জয় পাওয়া, দুই পায়ে গোল করার সক্ষমতা, আকাশে বল দখলে রাখা এবং সঠিক সময়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ার দক্ষতা বেলিংহামকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখে।
বর্তমান ফুটবল বিশ্বে তরুণ এই মিডফিল্ডারের ধারাবাহিকতা ধরে রাখা এবং ফিটনেস ফিরে পাওয়ার ওপর তার ভবিষ্যৎ সাফল্য নির্ভর করছে। টনি ক্রুসের এই মূল্যায়ন ফুটবল বিশ্বে বেলিংহ্যামের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাঠে তার এই বহুমুখী প্রতিভা দলটির সাফল্যে আগামী দিনগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।