
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রীয় সফরে এসে তিনি এই দ্বিপক্ষীয় সহযোগিতার বার্তা দেন। দুই দেশের সম্পর্ক ও বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে খোলামেলা আলোচনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখে দেশটির প্রেসিডেন্ট ও তার পরিবারের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন শি জিনপিং। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াইশতম বার্ষিকীতে মার্কিন জনগণকে আন্তরিক অভিনন্দন জানান চীনা প্রেসিডেন্ট। তিনি উল্লেখ করেন, দুই দেশের সুসম্পর্ক বজায় রাখা এবং সহযোগিতা বিস্তৃত করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই তিনি এই সফরে এসেছেন।
চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই জনগণের চমৎকার দেশ। দুই দেশের বন্ধুত্ব অব্যাহত রাখা এবং সহযোগিতা আরও বিস্তৃত করতেই আমি যুক্তরাষ্ট্র সফরে এসেছি।
বিশ্বের অন্যতম প্রভাবশালী দুটি দেশের প্রধান হিসেবে মানবজাতির উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নেওয়ার ঐতিহাসিক দায়িত্ব চীন ও যুক্তরাষ্ট্রের রয়েছে বলে মন্তব্য করেন শি জিনপিং। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশাল জাহাজকে একটি স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে তিনি ডনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথভাবে কাজ করতে চান। পারস্পরিক দূরত্ব কমিয়ে আস্থার পরিবেশ তৈরি করতে এই উচ্চপর্যায়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন: শীর্ষ বৈঠকে ট্রাম্প ও শি জিনপিং: বিশ্ব অর্থনীতি ও শান্তির বার্তা
উভয় দেশের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য থাকার বিষয়টি স্বীকার করে চীনা প্রেসিডেন্ট জানান, খোলামেলা, গভীর ও ধারাবাহিক সংলাপের মাধ্যমেই কেবল এই ব্যবধান কমিয়ে আনা সম্ভব। পারস্পরিক আলোচনার মাধ্যমে দুই দেশ একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবে এবং নিজেদের মধ্যে দীর্ঘমেয়াদি আস্থা গড়ে তুলতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।