
শাহরুখ খানের বিপরীতে মাত্র একটি সিনেমায় অভিনয় করে বলিউডে নজর কেড়েছিলেন গায়ত্রী জোশি। ২০০৪ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকর পরিচালিত স্বদেশ চলচ্চিত্রে গীতা চরিত্রে অভিনয় করে তিনি দারুণ প্রশংসা অর্জন করেন। কিন্তু অভিষেকেই বড় সাফল্যের পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। ধীরে ধীরে চলচ্চিত্রজগৎ থেকে সম্পূর্ণ সরে যান গায়ত্রী এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ে করে পারিবারিক জীবনে মনোনিবেশ করেন।
চলচ্চিত্রজগতে আসার আগে গায়ত্রী জোশির পথচলা শুরু হয়েছিল নব্বইয়ের দশকের শেষ দিকে। চ্যানেল ভি-তে ভিডিও জকি হিসেবে কাজ করার পর তিনি মডেলিংয়ে মন দেন। ১৯৯৯ সালের ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর তিনি মিস ইন্টারন্যাশনাল খেতাব জেতেন এবং ভারতের প্রতিনিধিত্ব করেন। মডেলিংয়ের সময় শাহরুখ খানের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করার সুবাদে তাঁর সঙ্গে পরিচয় হয়, যা পরবর্তী সময়ে স্বদেশ সিনেমায় অভিনয়ের পথ সুগম করেছিল। স্বদেশ সিনেমায় তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ালেও ছবিটি সে সময় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।
স্বদেশ ছবির গীতা চরিত্রটি গায়ত্রীর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় কাজ হয়ে আছে। অথচ এমন একটি সাফল্যের পরও তিনি আর ক্যামেরার সামনে ফেরেননি।
২০০৫ সালে ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ের পর গায়ত্রী জনজীবন থেকে অনেকটা দূরে সরে যান। ওবেরয় রিয়েলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিকাশ ওবেরয় ভারতের রিয়েল এস্টেট খাতের অত্যন্ত পরিচিত মুখ। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, বিকাশ ওবেরয়ের মোট সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ১০০ কোটি রুপি। এই বিপুল পরিমাণ সম্পদ তাঁকে ভারতের ধনী ব্যক্তিদের তালিকায় ৫৯তম অবস্থানে রেখেছে। অন্যদিকে, ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খানের মোট সম্পদ প্রায় ১০ হাজার কোটি রুপি, যা গায়ত্রীর স্বামীর সম্পত্তির তুলনায় বেশ কম। মুম্বাইয়ের জুহু এলাকায় বিকাশ ও গায়ত্রীর একটি বিলাসবহুল নয়তলা বাড়ি রয়েছে, যেখানে জিম, স্পা, ব্যক্তিগত সিনেমা হল এবং ইনফিনিটি পুলের মতো আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।
অভিনয় ছাড়লেও গায়ত্রী পুরোপুরি আড়ালে চলে যাননি। স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে তাঁকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা যায়। ২০২৩ সালে ইতালির সার্ডিনিয়ায় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও তাঁরা অক্ষত অবস্থায় বেঁচে যান। নবাগত নায়িকা হিসেবে সফল অভিষেকের পর চলচ্চিত্র অঙ্গন থেকে গায়ত্রীর এভাবে চিরতরে সরে যাওয়ার বিষয়টি আজও ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে বেশ কৌতূহলের জন্ম দেয়।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।