
নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশের ৩০ জেলায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৪ অক্টোবর) পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে মোট ১০২টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের ৪৪টি দল পাইকারি ও খুচরা বাজারে এই তদারকি কার্যক্রম চালায়।
বাজারে ফল, ভোজ্যতেল ও ডিমের মূল্য স্থিতিশীল রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, সঠিক ওজন এবং নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়গুলো নিবিড়ভাবে যাচাই করা হয়। বিশেষ করে সাভারের আমতলা ও কুটুরিয়া বাজারে দুটি এলপি গ্যাস ডিলার পয়েন্টে বড় ধরনের অনিয়ম ধরা পড়ে।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সাভারের হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং ইকবাল এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ভাউচার সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি এবং বিশেষ পাইপের মাধ্যমে গ্যাস স্থানান্তর করে ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়। এ সময় কারচুপিতে ব্যবহৃত পাইপ ও সিল-স্টিকার জব্দ করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি এবং অযৌক্তিক মজুদ থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পচা ফল ভালো ফলের সঙ্গে মেশানো এবং ফলের সংরক্ষণে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি কোনো অনিয়মের শিকার হলে হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
বাজারের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।