
কানাডায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সাহায্য নিয়ে পাহাড়ে ঘোরার পরিকল্পনা করে বিপদে পড়া ১৬ বছর বয়সী এক কিশোরকে হেলিকপ্টারের সাহায্যে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গত ৩ অক্টোবর কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ক্রাউন মাউন্টেনে হাইকিং করতে গিয়ে ব্রাইস ভিনসেন্ট গ্যারিলুক নামের ওই কিশোর পথ হারিয়ে খাড়া পাহাড়ের এক বিপজ্জনক স্থানে আটকে পড়েছিল। দুর্গম এলাকা হওয়ায় শেষ পর্যন্ত উদ্ধারকারী দলের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে বাঁচানো সম্ভব হয়।
ঘটনার বিস্তারিত তথ্যে জানা যায়, ভ্রমণের প্রস্তুতি নেওয়ার সময় কিশোরটি অ্যানথ্রপিক প্রতিষ্ঠানের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ক্লড এআই ব্যবহার করে রুট তৈরি করেছিল। কিন্তু এআইয়ের দেওয়া ভুল বা অত্যন্ত দুর্গম রুট ধরে এগোতে গিয়ে সে মূল হাইকিং পথ থেকে বহুদূরে সরে যায়। একপর্যায়ে সে পর্বতারোহীদের কাছে উইডোমেকার নামে পরিচিত একটি বিপজ্জনক ক্লাইম্বিং রুটের শেষ প্রান্তের খাড়া দেয়ালের নিচে এসে পৌঁছায়, যেখান থেকে সামনে বা পেছনে যাওয়ার কোনো উপায় ছিল না।
পাহাড়ে কয়েক ঘণ্টা চরম আতঙ্কে কাটানোর পর কিশোরটি বাধ্য হয়ে পুলিশকে ফোন করে সাহায্য চায়। খবর পেয়ে নর্থ শোর রেসকিউ টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পাহাড়ের ঢাল অতিরিক্ত খাড়া হওয়ায় সরাসরি হেলিকপ্টার নামানো সম্ভব হয়নি। পরে উদ্ধারকর্মীরা দড়ি দিয়ে নিচে নেমে বিশেষ নিরাপত্তা সরঞ্জামের সাহায্যে তাকে উদ্ধার করে ঘাঁটিতে ফিরিয়ে আনেন। উদ্ধারকারী দলের ম্যানেজার পল মার্কি জানান, এই ধরনের কঠিন পাহাড়ি পথে ভ্রমণের জন্য শুধু এআইয়ের ওপর নির্ভর করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
উদ্ধারকারী কর্মকর্তা পল মার্কি বলেন, ছেলেটি ভীষণ ভয় পেয়েছিল এবং নিজের জীবন বাঁচবে কি না, তা নিয়ে আতঙ্কে ছিল। এআই চ্যাটবটের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, তাই এগুলো কখনোই সঠিক জ্ঞান বা নেভিগেশন দক্ষতার বিকল্প হতে পারে না।
বর্তমানে এ ধরনের ঘটনা কেবল কানাডাতেই নয়, বরং বিশ্বজুড়েই বৃদ্ধি পাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের রোজভিলের তিন হাইকার গুগল জেমিনাইয়ের তথ্যের ওপর ভরসা করে বিপদে পড়েছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ে ট্র্যাকিং বা হাইকিংয়ে যাওয়ার আগে নিজেদের ভৌগোলিক জ্ঞান, সঠিক প্রস্তুতি এবং পেশাদার গাইড বা প্রামাণ্য মানচিত্রের সহায়তা নেওয়া উচিত, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।