
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব 'ইন্ডিএক্স ফিল্ম ফেস্ট'-এ স্টুডেন্ট ক্যাটাগরিতে সেরা প্রামাণ্যচিত্র হিসেবে বিজয়ী হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী পিয়াল সরকারের নির্মিত চলচ্চিত্র 'ইকোস অফ ওয়ার'। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের ডাউনটাউন এলাকায় অবস্থিত রিগ্যাল এলএ লাইভ অডিটোরিয়ামে এবারের এই উৎসবের আয়োজন করা হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বার্ষিক আয়োজনে নির্বাচিত ও পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে এবং একই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবারের এই প্রতিযোগিতায় বিশ্বের মোট ১২টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা অংশ নিয়েছিলেন।
বিজয়ী নির্মাতা পিয়াল সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি একই বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন। স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারে অ্যাকাডেমিক প্রকল্প হিসেবে এবং চলচ্চিত্র ও ভিডিও সম্পাদনা কোর্সের অংশ হিসেবে তিনি এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন। এই চলচ্চিত্র নির্মাণে শিক্ষক হিসেবে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন একই বিভাগের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। সীমিত সুযোগ ও উপকরণের মধ্য থেকেও একটি আন্তর্জাতিক মানের কাজ উপহার দিয়ে তিনি বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।
আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়ার অনুভূতি প্রকাশ করে নির্মাতা পিয়াল সরকার বলেন, একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে সীমিত সুযোগ-সুবিধা ও সামর্থ্যের মধ্যে কাজ করে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়া আমার জন্য অনেক বড়ো অর্জন। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ থেকে নির্মিত কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হওয়ায় আমি অত্যন্ত অনুপ্রাণিত।
নির্মাতা পিয়াল জানান, 'ইকোস অফ ওয়ার' একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, যাতে মূলত যুদ্ধ, ভূরাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে সাধারণ শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকায় সৃষ্ট গভীর সংকট ফুটিয়ে তোলা হয়েছে। কীভাবে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর দ্বন্দ্ব ভৌগোলিক সীমানা পেরিয়ে দূরবর্তী দেশের সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে, তা এতে দৃশ্যমান করা হয়েছে। প্রতিকূলতার মধ্যেও মানুষের বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা, পারস্পরিক সম্পর্ক এবং জীবনের জয়গান গাওয়ার মাধ্যমে চলচ্চিত্রটি মানবিক প্রতিরোধ ও ভালোবাসার বার্তা দেয়।
এই আন্তর্জাতিক স্বীকৃতি তার পরবর্তী কাজের জন্য নতুন সাহস ও আত্মবিশ্বাস জোগাবে বলে উল্লেখ করেন তরুণ এই নির্মাতা। তার মতে, চলচ্চিত্র নির্মাণের দীর্ঘ যাত্রায় এই অর্জন একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে। উল্লেখ্য, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে আয়োজিত মূল উৎসবে এই প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর পাশাপাশি নির্মাতার হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। এই অর্জনের ফলে দেশের তরুণ প্রজন্মের নির্মাতারা আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি উৎসাহিত হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।