
চালকের আসন ফাঁকা, নেই স্টিয়ারিং বা প্যাডেলের জটিলতা। কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভর করে গন্তব্যে ছুটছে গাড়ি। চালক ছাড়া যাত্রী পরিবহনে সক্ষম এসব প্রযুক্তিবান্ধব গাড়িই রোবোট্যাক্সি। মোবাইল অ্যাপে রাইড বুক করলেই এটি নির্দিষ্ট স্থানে এসে যাত্রীকে নিয়ে পৌঁছে দেয় গন্তব্যে। ওয়েমো, বাইডু, টেসলা বা জুক্সের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে এ ধরনের প্রযুক্তিভিত্তিক সেবা দিচ্ছে।
রোবোট্যাক্সির মূল ভিত্তি স্বয়ংক্রিয় যানবাহন বা অটোনোমাস ভেহিকেল প্রযুক্তি। চারপাশের পরিবেশ ও রাস্তা পর্যবেক্ষণ করতে এতে থাকে ক্যামেরা, রাডার ও লিডার। ক্যামেরা ছবি তোলে, রাডার আশপাশের বস্তুর গতিবিধি শনাক্ত করে এবং লিডার তৈরি করে ত্রিমাত্রিক মানচিত্র। সেন্সরগুলোর এই সম্মিলিত তথ্য রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় সেন্সর ফিউশন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মাধ্যমে এসব ডেটা মুহূর্তেই বিশ্লেষণ করে পথচারী বা ট্রাফিক সিগন্যাল বুঝে গাড়িটি থামা, গতি কমানো কিংবা দিক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
নির্দিষ্ট এলাকার ডিজিটাল ত্রিমাত্রিক মানচিত্রের সঙ্গে সেন্সরের তাৎক্ষণিক তথ্য মিলিয়ে রোবোট্যাক্সি সঠিক পথ খুঁজে নেয়। আন্তর্জাতিক মানদণ্ডে গাড়ির স্বয়ংক্রিয়তার ছয়টি স্তর রয়েছে। বর্তমান রোবোট্যাক্সি মূলত লেভেল চার বা হাই অটোমেশনে চলে। এটি নির্দিষ্ট অনুমোদিত এলাকা ও পরিস্থিতিতে সম্পূর্ণ চালক ছাড়াই পথ চলতে পারে। তবে যেকোনো আবহাওয়ায় বিশ্বের যেকোনো প্রান্তে চলার উপযোগী লেভেল পাঁচ বা পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় প্রযুক্তির রোবোট্যাক্সি বাস্তবায়নে গবেষণা এখনো চলছে।
চালকবিহীন রোবোট্যাক্সি প্রযুক্তি ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় বিপ্লব আনতে চলেছে, যা সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পথ চলতে সক্ষম।
বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই স্বয়ংক্রিয় যান চলাচলের পরিধি বাড়াতে নিয়মিত কাজ করে যাচ্ছে। ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দুর্ঘটনা কমাতে এই প্রযুক্তির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে নগর পরিবহন ব্যবস্থায় রোবোট্যাক্সি একটি বড় পরিবর্তন নিয়ে আসবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।